পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেন। সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে, রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এমপি। সংবর্ধনায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, রাঙ্গাবালীতে সবাই মিলেমিশে বসবাস করবে, কে কোন দল করে সেটি বড় বিষয় নয়, সবাই আগে রাঙ্গাবালীর নাগরিক। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনও ধরনের চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে, সফরকালে তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন-এ স্থানীয় জনগণের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন। সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব ও সাধারণ সম্পাদক শুভ সিকদারসহ সাংবাদিকরা প্রেস ক্লাবের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাঙ্গাবালী প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উন্নয়ন, নদীভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এমপি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাঙ্গাবালীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. শিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহমান ফরাজি, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার প্রমুখ।
রাঙ্গাবালীতে এমপি মোশাররফ হোসেনকে সংবর্ধনা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
