সীতাকুণ্ডে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি জবরদখলের চেষ্টা, হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরিয়ম বেগম। গতকাল সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপজেলার বড় কুমিরা ঘাটঘর এলাকায় খরিদসূত্রে মালিকানাধীন এসব জমি জবরদখলের চেষ্টা-হামলা ও মিথ্যা মামলার অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মরিয়ম দাবি করেন, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. হোসেন, আমির হোসেন ও নুরুল আলম গং দীর্ঘদিন ধরে তাদের বৈধ মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছেন। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হলে সংশ্লিষ্ট আদালত উক্ত সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তিনি অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা ৫-৬ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা চালায়।
এ সময় তারা একটি গ্যারেজে ভাঙচুর করে এবং সেখানে থাকা প্রায় ২০টি নতুন অটোরিকশার ব্যাটারি নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বাধা দিতে গেলে গ্যারেজের কেয়ারটেকার মো. সোহাগ ও বাহারকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মরিয়মের ভাসুর মোরশেদকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন