কর্মস্থলে অনুপস্থিত, যমুনা অয়েলের ৩ সিবিএ নেতা বরখাস্ত

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি পিএলসি’র তিন সিবিএ নেতাকে সাময়িক বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। বুধবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। বরখাস্তকৃতরা হলেন- মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব ও গেজার (তেল পরিমাপকারী) জয়নাল আবেদীন ওরফে টুটুল। আবুল যমুনার লেবার ইউনিয়নের সভাপতি, এয়াকুব সাধারণ সম্পাদক এবং জয়নাল কার্যকরী সভাপতি। জানা গেছে, যমুনার শক্তিধর সিবিএ নেতা হিসেবে এই তিনজনের আলাদা পরিচিতি রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা শ্রমিক লীগ করলেও পট পরিবর্তনের পর শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত হতে থাকেন। আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধেই মামলা রয়েছে। তথ্যানুযায়ী, গত বছরের ২০শে জুলাই নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে যমুনা অয়েল কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত ১২ই ডিসেম্বর নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুবকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে একই মামলায় তাকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে দু’জনই কারাগারে রয়েছেন।
এছাড়া ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন টুটুল লাপাত্তা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন