সংস্কারের প্রশ্নে আমাদের আবার দায়িত্ব নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

সংস্কারের প্রশ্নে আমাদের আবার দায়িত্ব নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

ফন্ট সাইজ:

ঝালকাঠির রাজাপুরে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য মোঃ হাসনাত আবদুল্লাহ।
এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, রিকশা চালকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। তারা নিজেরাই বিকল্প খুঁজে নিয়েছিল। রাজপথের প্রতিটি প্রান্তে স্লোগান উঠেছিল‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’।”

তিনি বলেন, সরকারের অপেক্ষায় না থেকে যেভাবে আমরা ১৭ বছরের চেপে বসা ফ্যাসিবাদকে দূর করেছিলাম, ঠিক একইভাবে দেশ ও জাতির স্বার্থে সংস্কারের প্রশ্নে আমাদের সবাইকে আবার দায়িত্ব কাঁধে নিতে হবে। রাজাপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে এনসিপি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচিত হলে আমরা সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করব। আপনারাই মূল্যায়ন করবেন, আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি নাকি ব্যবসায়ীদের। যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে, সংসদে যায়, তারা জনগণের নয়,ব্যবসায়ীদের কথা বলে।

তিনি দাবি করেন, গত পাঁচ মাসে সংসদে এনসিপির প্রতিনিধিরা কোনো চাপ বা ভয়কে পরোয়া না করে মিডিয়া মাফিয়া, ভোট চুরি ও ব্যাংক ডাকাতির বিরুদ্ধে কথা বলে আসছেন। যে নেতা জনগণের ভোটে নির্বাচিত হন, তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। আর যে ব্যক্তি টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হয়, সে কখনো জনগণের প্রকৃত সেবা করতে পারে না।

পথসভায় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আহসান জুনায়েদ, মো. সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রশক্তির সভাপতি মো. জাহিদুল ইসলাম।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন