মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলায় ‘নো’ বল নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের নগরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদের (২০) ও অভিযুক্ত আতিক আহমদ (২১) ছিল বন্ধু-সহপাঠী। তাদের মধ্যে সখ্যতাও ছিল বেশ। প্রত্যেকের ঘর পাশাপাশি। সম্পর্ক আছে আত্মীয়তার। একসঙ্গে খেলতো, ঘুরাফেরা করতো। এমনিভাবেই বুধবার আসরের পরে বাড়ির সামনে খেলছিল তারা। কিন্তু সেই সহপাঠীই কাল হালো তারেকের। একজন ধরে রাখে আর অপরজন একেরপর এক মারপিট করে। এতে মাঠেই নিস্তেজ হয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘরগাঁও গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক ও সফিক মিয়ার ছেলে আতিক ছিল সহপাঠী। তারেক মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেছে ১ বছর আগে। আর আতিক লেখাপড়া বাদ দিয়ে রাজনগর বাজারে পানের দোকান চালাতো। বুধবার আসরের পরে তাদের বাড়ির ১০০ গজ সামনে ক্ষেতের জমিতে ক্রিকেট খেলছিল। তারেক ছিল ব্যাটিংয়ে আর আতিক করছিল বোলিং। আতিক বেশি জোরে বোলিং করায় তারেক এটিকে ‘নো’ বল বলে চিৎকার করে। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এরইমাঝে আতিকের চাচাতো ভাই রিয়াদ আহমদ (১৮) তারেকের গলায় হাত দিয়ে চেপে ধরে নুইয়ে দেয়। এসময় আতিকের সঙ্গে থাকা স্ট্যাম্প দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে অত্যধিক রক্তক্ষরণে সে নিস্তেজ হয়ে পড়ে। দ্রুত তাকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তারেকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত লোকজন আতিক ও রিয়াদের ঘর ভাঙচুর করে। শোকের ছায়া নেমে আসে এলাকায়। আশপাশের লোকজন দেখতে ভিড় জমায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশের টিম, ডিবিসহ বিভিন্ন ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কের) খয়ের আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার নিহতের লাশের ময়নাতদন্ত শেষে বালি দীঘিরপাড় কবরস্থানে বিকাল ৪টায় দাফন করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই আতিক পালিয়ে যায়। পুলিশ তাকে আটক করতে পারেনি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এসেছেন। অভিযুক্তদের আটক করা যায়নি। অভিযোগ পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থ্যা নেয়া হবে।
রাজনগরে ক্রিকেট খেলায় ‘নো’ বল নিয়ে বাকবিতণ্ডা, বন্ধুর হাতে খুন
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
