‘অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে’

ফন্ট সাইজ:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন- দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি সফরে নিজ এলাকা নান্দাইলে প্রেস ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চান না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী। ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি গত ১৭ বছর কীভাবে মন্ত্রণালয় চলেছে। যেভাবে পারা যায় সেইভাবে অনিয়ম ও দুর্নীতি করে পরিচালনা করা হয়েছে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। এখন সবই চলবে নিয়মের মধ্যে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে এটি তার প্রথম সফর। নান্দাইলে পৌঁছার পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে প্রেস ক্লাব মিলনায়তনে স্বাগত জানানো হয়। এছাড়া, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। প্রতিমন্ত্রী পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন