শায়েস্তাগঞ্জে রমজান ও ঈদ ঘিরে সক্রিয় অপরাধী চক্রের সিন্ডিকেট

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রমজান ও ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাবেচায় ব্যস্ততা বেড়েছে। আর এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধ চক্র। পেশাদার ও মৌসুমি অপরাধীরা ছিনতাই, চুরি-ডাকাতি-চাঁদাবাজি, টিকিট কালোবাজারি, জালনোট কারবারসহ মার্কেটগুলোতে পকেটমার ও মলম পার্টি-অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়েছে। মার্কেট, টার্মিনাল ও ইফতারের সময় ভিড় কাজে লাগিয়ে মোবাইল-টাকা চুরি করে। রাস্তাঘাট, যানবাহনসহ বিভিন্ন স্থানে নানাবিধ ছদ্মবেশী প্রতারক চক্রের খপ্পরে পড়েন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে ওঠে এসব অপরাধীরা। প্রতি বছরের ন্যায় এবারো ঘটছে নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড। অন্যান্য সময়ের তুলনায় রোজা, ঈদ অথবা বড় কোনো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এলে বেড়ে যায় এসব অপরাধীদের দৌরাত্ম্য। আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা বলছেন, রোজা ও ঈদকে ঘিরে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম ছিনতাই, মলম পার্টি, জালটাকা, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন ধরনের প্রতারক এই সময়ে সক্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তায় বিশেষ ‘এস্কর্ট’ সেবা ও বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে র‌্যাব, পুলিশ। আগে থেকেই নিরাপত্তায় মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্টসূত্র মতে, অপরাধীরা একেক সময় একেক এলাকায় অবস্থান করে অপরাধের ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান পরিবর্তন করে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন