সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুর পৌনে ২ টার দিকে শহরের ইলিয়ট ব্রিজে (বড়পুল) জড়ো হন এবং এক ঘণ্টা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে অবস্থান নেন। এতে এমএ মতিন সড়কে যানজট সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে দুপুর পৌনে ৩টার দিকে তারা বাজার স্টেশন মুক্তির সোপান থেকে সরে যান। বিক্ষোভে সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, মওলানা ভাসানী ডিগ্রি কলেজসহ শহরের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে।

বিক্ষোভে অংশ নেয়া এইচএসসি পরীক্ষার্থী ইমরান সেখ বলেন, জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেয়ার প্রতিবাদে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এ ছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল প্রশ্ন এসেছে, হিসাববিজ্ঞান পরীক্ষায়ও কঠিন প্রশ্ন এসেছে। আমরা চাই স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা হোক।

এদিকে জেলা ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মোফাখখারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন