নেত্রকোণায় ইয়াবাসহ নারী আটক

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬)কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। আটক মরিয়ম কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

বুধবার বেলা ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় আশেকানে হাওলাপুরী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মরিয়মকে আটক করা হয়। পরে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো দু’টি প্যাকেটে থাকা মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ডিএনসি নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন