শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে সিডিএ এভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অফিস- ফেরত মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। এর আগে দুপুর আড়াইটার দিকে একই এলাকায় সড়কের একাংশে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। পরে বিকাল সাড়ে ৪টার দিকে তারা পুরো সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার তারা ছয় দফা দাবিতে আন্দোলন করলেও সরকার তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে তারা বলেন, এখন তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বিকাল পৌনে ৫টার দিকে সরজমিন দেখা যায়, শতাধিক শিক্ষার্থী সড়কের মাঝখানে বসে ও দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের অবস্থানের কারণে নগরের অন্যতম ব্যস্ত দুই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ যানজটে আটকা পড়ে গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন ও জরুরি সেবার যানও।
এর আগের দিন মঙ্গলবারও একই দাবিতে চট্টগ্রামে দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা ওই কর্মসূচির একপর্যায়ে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন। এতে নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
