ময়মনসিংহের হালুয়াঘাটে মজিবর রহমান (৫৫) নামে এক কৃষককে ঘুমন্ত অবস্থায় তার মাথায় একাধিক কোপ দেয় তারই ছেলে ফারুক মিয়া (৩২)। বুধবার সকালে উপজেলার খণ্ডকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সন্তানের নাম ফারুক মিয়া। সে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসীর দাবি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় মজিবর রহমানকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় মজিবরের। এ ঘটনায় হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান অভিযান চালিয়ে বুধবার বিকালে চরভাঙ্গালিয়া এলাকা থেকে অভিযুক্ত সন্তান ফারুক মিয়াকে আটক করেন। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
