গত কয়েকদিনের লাগাতার ভারী বর্ষণে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কেওয়া উত্তরপাড়া (চাডা পুকুর পাড়) এলাকার ৪০টি পরিবারের দুই শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি উঠায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বুধবার চাডা পুকুরপাড় এলাকায় সরজমিন গেলে পানিবন্দি পরিবারের ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন। ওই এলাকার ৪০ পরিবারের প্রায় দুই শতাধিক মানুষের বসবাস। তাদের বসতঘর চাডা পুকুরপাড়ে অবস্থিত। বৃষ্টির ফোঁটা যেন দুঃস্বপ্ন তৈরি হচ্ছে।
টানা বর্ষণ হলে তারা কোথায় দাঁড়াবে সে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে। স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া বাজার এলাকায় নিচু জমিতে মাটি ভরাটের কারণে সামান্য বৃষ্টিপাত হলে চাডা পুকুরপাড় এলাকায় পানিবদ্ধতা শুরু হয়। অপরিকল্পিত মাটি ভরাটকারীকে এলাকাবাসী বারবার ধরনা দিলেও তিনি কোনো কর্ণপাত করেনি। আসাদ মিয়া বলেন, জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যায়।
ছেলেমেয়েরা স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারে না। তিনি বলেন, পানিবন্দি থাকার খবরে শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী সরজমিন এলাকায় গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। যত দ্রুত পানি নিষ্কাশন করা যায় সে বিষয়ে তাদের আশ্বাস দিয়েছেন। শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহেদ আখতার বলেন, পানিবন্দি থাকার খবরে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে।
বসবাসকারী বাসিন্দাদের পানি নিরসনের আশ্বাস দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের কাজ শেষ করা হবে। যাতে পানিবদ্ধতা না হয় সেদিকে লক্ষ্য থাকবে।
