ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মাহমুদউল্লাহ ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া ৫ লাখ টাকা উত্তোলনের প্রায় দুই মাস পার হলেও তা বিতরণ না হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪শে মে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৫ লাখ টাকা সংসদ সদস্য মাহমুদউল্লাহ উত্তোলন করেন। নিয়ম অনুযায়ী, সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করে ওই অর্থ বিতরণ এবং বিতরণ শেষে মাস্টার রোল উপজেলা প্রশাসনে জমা দেয়ার কথা।
কিন্তু প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিতরণের কোনো মাস্টার রোল বা তথ্য উপজেলা প্রশাসনের কাছে জমা দেয়া হয়নি। এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৫ লাখ টাকা গত ২৪শে মে সংসদ সদস্য মাহমুদউল্লাহ উত্তোলন করেছেন। কিন্তু সেই অর্থ কোথায় বিতরণ করা হয়েছে, সে বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই।
বারবার বিতরণের মাস্টার রোল চেয়েও পাইনি। এ বিষয়ে সংসদ সদস্য মাহমুদউল্লাহর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলে তার ব্যক্তিগত সহকারী (পিএস) জানান, এমপি ব্যস্ত আছেন। পরে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্থানীয়দের অভিযোগ, ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের সহায়তার জন্য বরাদ্দ দেয়া এ অর্থ দ্রুত বিতরণ হওয়ার কথা থাকলেও কারা এই সহায়তা পেয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ এবং বরাদ্দের অর্থ স্বচ্ছতার সঙ্গে বিতরণের দাবি জানিয়েছেন।
