সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় ১৩ নেতাকর্মী আটক

ফন্ট সাইজ:

সাভারের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী সাতটি মোটরসাইকেল ও চারটি হায়েস গাড়ি, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়েছে। গতকাল সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। এর আগে মঙ্গলবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার ছয় জেরিয়া গ্রামের মো. সাগর (৪০), ভোলার সদর থানার মোহাম্মদ আলী (৩৭), পাবনা জেলার ফরিদপুর থানার রাজু আহম্মেদ (৩২), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মো. অলিল মিয়া (৪২), লালমনিরহাট জেলার সদর থানার মো. রাজীব সরকার (৩১), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মটপাড়া গ্রামের প্রদীপ কুণ্ডু (৩৫), ঢাকা জেলার হাজারীবাগ থানা এলাকার মো. সহিদ হোসেন (৫৭), একই থানার রতন রাজবংশী (১৫), ময়মনসিংহ জেলার মো. মোকসেদুর রহমান সোহাগ (১৮), বরিশাল জেলার মুলাদী থানার হৃদয় হোসেন (২২), শরীয়তপুর জেলার মো. জীবন (২০), ভোলা জেলার সদর থানার মো. মোকাম্মেল হোসেন পারভেজ (৩০) ও কুমিল্লা জেলার হোমনা থানার মো. সজীব মিয়া (২৪)। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। একই সঙ্গে তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল ও চারটি হায়েস গাড়ি, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন