শান্তিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ৩

শান্তিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে পূর্ববিরোধ ও শিশুদের কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে রুস্তম আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলীর পক্ষ ও আরিছ আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সংঘর্ষের আগের দিন দুইপক্ষের দুই শিশুর মধ্যে কথাকাটাকাটি হয়।

সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় আস্তমা পয়েন্টে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে আস্তমা গ্রামের নজিব আলীর বাড়ির পাশের একটি মোবাইল টাওয়ারের সামনে আবারও দুইপক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আরিছ আলীর পক্ষের রুস্তম আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আস্তমা গ্রামের মৃত মনফর আলীর ছেলে নজিব আলী, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ এবং ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের কঠালপুর নোয়াগাঁও গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন