পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

দায়িত্ব নিলেন নয়া আইজিপি

পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

ফন্ট সাইজ:

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন আইজিপি’র দায়িত্ব পালন করে আসা বাহারুল আলম। একইদিন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ব্যক্তিগত কারণ দেখিয়ে পুলিশ সদরদপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল দুপুরে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বাহারুল আলমের বিদায় ও আলী হোসেনের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান আলী হোসেন। এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গতকাল পুলিশ সদর দপ্তরের অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক সম্পর্কে স্মৃতিচারণা করেন এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন। এ সময় নবনিযুক্ত আইজিপি আলী হোসেনকে স্বাগত জানিয়ে তাকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করে বলেন, আলী হোসেনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে। আর বাহারুল আলম তার কর্মকালীন সময়ে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আলী হোসেন ফকিরকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন। এছাড়া নবনিযুক্ত আইজিপি আলী হোসেন দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করে বলেন, আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবো। আলী হোসেন ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। তার বাড়ি বাগেরহাটে। আর বাহারুল আলমকে ২০২৪ সালে ২০শে নভেম্বর দুই বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ আরও প্রায় ৯ মাস বাকি থাকতে নতুন আইজিপি নিয়োগ দিয়েছে সরকার। এদিকে, পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন। ডিএমপি’র ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১শে নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন