টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গাড়ি ঘেরাও, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গাড়ি ঘেরাও, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফন্ট সাইজ:

টঙ্গীতে হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ২০ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে এই অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নেয়ার জন্য মাদক ব্যবসায়ী ও সেবীরা পুলিশের গাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ অতিরিক্ত লোকসমাগম হলে ৪টি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলোÑ খন্দকার সাকিব আহমেদ (২৬), মো. মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মো. মাহাতিম ওয়াসিম (১৮), মো. হাবিবুর রহমান (২৬), মো. রাব্বী (২১), মো. অনিক (২০), মো. মোক্তারুল (২৪), মো. রহমত আলী (২৯), মো. রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন ওরফে অরিয়ান (২৩), মো. কাশফিয়ার রহমান জয় (১৯), মো. নাসির উদ্দিন (২২), মো. মশিউর রহমান মিঠু (৩৯), মো. জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) ও রাকিব আলী (২৫)। এলাকাবাসী জানায়, টঙ্গী হাজীর মাজার বস্তিতে রোববার রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে ওই বস্তিতে অভিযান চালায়। এ সময় মাদকসেবনের দায়ে ২০ জনকে আটক করা হয়।

পরে পুলিশের গাড়িতে ওঠানোর সময় বিপুলসংখ্যক বস্তিবাসী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ঘিরে ফেলার চেষ্টা করে। এ সময় নিরাপত্তার স্বার্থে পুলিশ ৪টি সাউন্ড গ্রেনেড ছুড়ে বস্তিবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ ভয়ে এদিক-ওদিক ছুটাছুটি শুরু করেন। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, টঙ্গী হাজীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকসেবীদের গ্রেপ্তারের সময় অতিরিক্ত জনসমাগম হওয়ায় তাদেরকে ছত্রভঙ্গ করতে ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন