প্রবাসী কল্যাণ ও বাণিজ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ফন্ট সাইজ:

বৃহত্তর সিলেট অঞ্চলের প্রায় ৩০ লাখ প্রবাসীর কল্যাণে ৪টি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুর ১২টায় জেলা পরিষদে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, প্রবাসী কল্যাণ ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই দাবিগুলো জোরালোভাবে উপস্থাপনের জন্য প্রশাসকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। স্মারকলিপিতে উল্লিখিত প্রবাসীদের ৪টি দাবি হলোÑ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের প্রবাসী যাত্রীরা যাতে সহজে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য কাকুয়াপাড়-সাহেব বাজার হয়ে খাদিমনগর-জাফলং সড়ক এবং সাহেব বাজার থেকে হরিপুর-জাফলং সড়ক পর্যন্ত বিদ্যমান দু’টি ছোট সড়ককে সরকারি নীতিমালা অনুযায়ী ২৪ ফুট সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। সড়ক দু’টি প্রশস্ত হলে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ী, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জাফলং এলাকার প্রবাসীরা আম্বরখানার যানজট এড়িয়ে সহজে বাড়ি ফিরতে পারবেন। পাশাপাশি বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত চালু হলে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রবাসীদেরও দীর্ঘ যানজটের ভোগান্তি কমবে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সিলেট অঞ্চলের প্রবাসীদের স্বার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকেও ‘ওপেন স্কাই’ ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সৌদি এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।

এর ফলে ঢাকা বিমানবন্দরকেন্দ্রিক প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং ইউরোপ, আমেরিকা ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা সরাসরি সিলেটে যাতায়াত করতে পারবেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি মুসলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, গণদাবি নেতা শ্যামল চৌধুরী, মো. শফিকুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন