চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

ফন্ট সাইজ:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সকালে বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। আটক ব্যক্তি মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা এবং দুবাই থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এনএসআই ও ডিজিএফআইয়ের যৌথ অভিযান শেষে জব্দকৃত স্বর্ণ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন