তারাকান্দায় একদিনের ব্যবধানে ২ খুন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একদিনের ব্যবধানে দু’টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ঘটনায় নিখোঁজের তিনদিন পর ৩০ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর ঘটনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে প্রাণ হারিয়েছেন চাচা। শনিবার সকালে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি খালের পাড় থেকে ৩০ মাস বয়সী শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ৮ই জুলাই থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এর পরদিন রোববার বিকালে উপজেলার বিসকা ইউনিয়নের খিচা বাজারসংলগ্ন এলাকায় জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আকরামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আকরামুল হোসেন অভিযুক্ত আলামিনের চাচা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। তারাকান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ জানিয়েছে, শিশু হত্যা মামলার প্রধান আসামি রমযানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দু’টি ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন