সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ চার বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। রোববার বিকালে এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। হামলায় দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীদের হামলায় গুরুতর আহত অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোলেমান আহমদ দীর্ঘ চার বছর অস্ট্রেলিয়ায় অবস্থানের পর সম্প্রতি নিজ গ্রামে আসেন।
সোলেমান আহমদ দেশে ফেরার পর থেকেই প্রতিপক্ষ একই গ্রামের আবদুল মালিকের ছেলে কাজী হালিম তার ওপর ক্ষুব্ধ ছিল। অভিযুক্ত কাজী হালিম স্থানীয়ভাবে শ্রমিক দলের নাম ভাঙিয়ে এলাকায় নানা ধরনের দাপট ও প্রভাব বিস্তার করে আসছিল। রোববার বিকালে কাজী হালিম ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে প্রবাসী এম কে সোলেমান আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি মারধরে তিনি গুরুতর আহত হন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রবাসীকে মারধর করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিনের বাড়িতেও তাণ্ডব চালায়। হামলাকারী সিন্ডিকেটটি ঘরের ভেতর প্রবেশ করে আসবাবপত্রসহ সবকিছু ব্যাপক ভাঙচুর করে এবং নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
