অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ পাকা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ পাকা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

ফন্ট সাইজ:

টানা কয়েকদিনের ভারী বর্ষণে জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর সংযোগ সড়কের একাধিক স্থানে ধস নেমেছে। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সোমবার সরজমিন দেখা যায়, অতিবৃষ্টির কারণে সড়কের কয়েকটি অংশ ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের এক পাশ সম্পূর্ণ ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, উত্তর সিরাজাবাদ এলাকার মানুষের ইসলামপুর উপজেলা সদর ও দেওয়ানগঞ্জে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শত শত যানবাহন এবং হাজারো মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছিল। টানা বর্ষণে সেই ক্ষতিগ্রস্ত অংশগুলো ধসে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তারা জানান, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। দ্রুত সংস্কার না করা হলে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ বলেন, সড়কটির স্থায়ী সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে মানুষের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ড্রামশিট প্যালাসাইডিং ও বালুর বস্তা ফেলে ক্ষতিগ্রস্ত স্থানগুলো অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন