যশোরের অভয়নগরে জানাজা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তারেক মল্লিক (২৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সহকর্মী শান্ত ইসলাম (৩০) আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের শংকরপাশা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের বাচ্চু মল্লিকের ছেলে। আহত শান্ত ইসলাম শংকরপাশা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
তারা দু’জনই নওয়াপাড়া বাজারের একটি সার ও কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস মোল্যার জানাজার নামাজ শেষে তারেক ও শান্ত মোটরসাইকেল চালিয়ে শংকরপাশা খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। শংকরপাশা জামে মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক তারেক নিহত হন। আহত শান্তকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
