চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই। গত সোমবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে সেখানে সোমবার রাত ৪টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের বাসার সামনে (বিভারলি হিল সোসাইটি) প্রথম জানাজা এবং আগামীকাল বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তিনি দীর্ঘদিন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম-১৪ আসন থেকে মোট তিনবার (২০১৪, ২০১৮ এবং ২০২৪) জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
