কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে কর্মবিরতি

কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে কর্মবিরতি

ফন্ট সাইজ:

ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন মৌলভীবাজারের কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত সভাপতি স্বপন কুর্মি ও কারখানা চৌকিদারসহ ৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাধারণ চা শ্রমিকরা। সোমবার সকালে পাত্রখোলা চা বাগান কারখানার সম্মুখে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

​সাধারণ চা শ্রমিকরা জানান, গত ২৯শে জুন বিকালে পাত্রখোলা চা বাগানের অফিস কক্ষের সামনে অবৈধভাবে চা পাতা উত্তোলনকারীদের হাতেনাতে আটক করা হয়। এ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সুমন মাদ্রাজী নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ এনে বাগান পঞ্চায়েত সভাপতি স্বপন কুর্মিসহ ৬ জনকে আসামি করে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার এই সংবাদটি রোববার বাগানে পৌঁছলে চা শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। চা শ্রমিকদের দাবি, আদালতে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এর প্রতিবাদে সোমবার সকালে বাগানের সব কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নেয় বাগানের নারী-পুরুষ চা শ্রমিকরা। পরে শ্রমিকদের এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল টি কোম্পানির উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক ইউসুফ খান, বাগান পঞ্চায়েত সভাপতি স্বপন কুর্মি, যবু নেতা রিয়াজ আহমেদ, লক্ষ্মী অলমিক প্রমুখ। মানববন্ধন চলাকালে ন্যাশনাল টি কোম্পানির উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম আন্দোলনরত শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুতই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে বিষয়টি সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেয়া হবে। কর্তৃপক্ষের এই আশ্বাসের ওপর আস্থা রেখে শ্রমিকরা এক ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যায়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন