শিক্ষকদের মানোন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা ধরনের কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে এবং শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের নিয়ম-বহির্ভূত বা এজেন্ডা বহির্ভূত কাজ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এছাড়াও তিনি বলেন, বর্তমানে শিক্ষকদের মানোন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নতুন মডেলে এগুলো পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত গণ-বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে এলেও বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হচ্ছে। এই প্রবণতা কমাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং কারিগরি শিক্ষার আরও প্রসার ঘটাতে হবে। একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। স্বাধীন ও অলাভজনক বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার অত্যন্ত প্রশংসনীয়। সরকার এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়িয়ে একটি উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই শিক্ষার মান আরও উন্নত করতে হবে, যা ডা. জাফরুল্লাহ চৌধুরীরও স্বপ্ন ছিল। গণ-বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, গণমানুষের জন্য প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গণবিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষায় একটি ব্যতিক্রমী উদাহরণ। এই বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক, গবেষণামুখী ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে উন্নয়নের যে ক্ষেত্রগুলোতে ঘাটতি রয়েছে সেগুলো চিহ্নিত করতেই এ সফর। শিক্ষা যেন কখনো বাণিজ্যিক পণ্যে পরিণত না হয় বরং মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিল এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যেখানে শিক্ষার মাধ্যমে কেবল পেশাজীবী নয়, সমাজ পরিবর্তনের নেতৃত্বও তৈরি হবে। গণ-বিশ্ববিদ্যালয় সেই স্বপ্ন বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে যেসব শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ রয়েছে, তাদের বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকার বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই যথারীতি সময়ের মধ্যে তাদের পরীক্ষা সম্পন্ন করা হবে। গণ- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু এবং ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন