নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো: জাহিদ হোসেন এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে অবস্থান করছেন। ১২-১৩ জুলাই এটি অনুষ্ঠিত হবে। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান। মন্ত্রীর সহধর্মিনী ডা. শরীফা করিম স্বর্ণা তার সফরসঙ্গী হিসেবে আছেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো: মাহমুদুল হক অন্তর্ভুক্ত রয়েছেন।
মন্ত্রী ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্ত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।
