মাদক ও ডেঙ্গু প্রতিরোধের আহ্বান সড়ক প্রতিমন্ত্রীর

ফন্ট সাইজ:

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতা, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী হাবিব বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো দু’টি বড় সংকট মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিয়েছে। এটি প্রতিরোধ করা না গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আগামী ৩০ দিন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। সমন্বিত সচেতন সমাজের উদ্যোগে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে ওঠবে।

তিনি আরও বলেন, জনগণের একজন ভাই, প্রতিবেশী ও সেবক হিসেবে জবাবদিহির মধ্য দিয়ে তিনি ঢাকা-৯ আসনকে এগিয়ে নিতে চান। ওয়ার্ডগুলোর সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ঢাকা-৯ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল বলেন, আজ থেকে শুরু হওয়া আমাদের এই ৩০ দিনব্যাপী কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধন ওষুধ, স্প্রে, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের এই কর্মসূচির বিষয়ে উদ্বুদ্ধ করা হবে। কর্মসূচি উদ্বোধন শেষে জনসচেতনতামূলক একটি র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন