পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দলে ধরেছে ভাঙন। শুধু তাই নয় দলীয় তহবিল নিয়ে চলছে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। তবে দলীয় তহবিলের কর্তৃত্ব এখনও পর্যন্ত মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের কর্তৃত্বে। তবে পশ্চিমবঙ্গ পুলিশ শুক্রবার মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকে থাকা আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ (জব্দ) করেছে। পুলিশ সূত্রের খবর, আগে ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্টসহ মোট ১৫টি অ্যাকাউন্টে প্রায় ১০০০ কোটি রুপি রয়েছে। এর আগে পুলিশ তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীর এক বিধায়কের বেআইনি লেনদেনের অভিযোগের ভিত্তিতে একটি বেসরকারি ব্যাংকে থাকা তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। এই কাউন্টগুলোতে ৪৪০ কোটি রুপি রয়েছে বলে পুলিশের দাবি।
সেই তদন্তের সূত্রে পুলিশ তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীর নেতা ঋতব্রত বন্দোপাধ্যায়, সন্দীপন সাহাসহ একাধিক বিধায়কের জবানবন্দী নেয়ার পরই নতুন করে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। বিধায়করা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অ্যাকাউন্টে দুর্নীতিরোধ অর্থসহ বেআইনি লেনদেনের নানা অর্থ রয়েছে বলে অভিযোগে জানিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশ অ্যাকাউন্টধারীদের বিস্তারিত বিবরণ এবং সেই অ্যাকাউন্টগুলিতে নথিভুক্ত আর্থিক লেনদেনের তথ্য ব্যাংকের কাছে জানতে চেয়েছে। এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বেসরকারি ব্যাংকে থাকা ৪৪০ কোটি রুপি ফ্রিজ করেছে। তবে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজের বিরুদ্ধে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টে মামলা করলে বৃহস্পতিবার বিচারক দলটিকে তাদের অন্য তিনটি ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন প্রশাসনিক ও আইনি খরচের জন্য তহবিল ব্যবহারের অনুমতি দিয়েছিল।
এই অ্যাকাউন্ট পরিচালনার জন্য আদালত একজন প্রশাসকও নিয়োগ করেছেন। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসকে তিনটি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট আংশিকভাবে চালানোর অনুমতি দেয়ার এবং ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ প্রশাসক হিসেবে নিযুক্ত করার একদিন পর পুলিশ নতুন করে ১২টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পদক্ষেপ নিয়েছে। আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ অনুসারে, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র দৈনন্দিন প্রশাসনিক খরচ, কর্মীদের বেতন এবং আইনি খরচের জন্য তহবিল ব্যবহার করতে পারবে। এই অর্থ প্রশাসকের প্রতিস্বাক্ষরিত চেকের মাধ্যমে প্রদান করতে হবে। এজন্য প্রশাসক দলের তহবিল থেকে প্রতি মাসে ১.২৫ লক্ষ রুপি সম্মানী পাবেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি আরও জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানানোর পর বিদ্রোহী গোষ্ঠী তাদের পক্ষে সিদ্ধান্ত ঘোষিত হলে আদালতে তাদের দাবি নথিভুক্ত করতে পারবেন। সেই মত কোন পক্ষের কতৃত্বে তহবিল থাকবে তা জানানো হবে। ইডির তদন্তে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের তহবিল থেকে ১৬০ কোটি রুপি একটি বেসরকারি সংস্থাকে বিমান ও হেলিকপ্টার ক্রয়ের জন্য দেয়া হয়েছিল। সেই সংস্থাই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে সেগুলি ভাড়ার বিনিময়ে ব্যবহার করতে দিয়েছিল। এই ভাবে কালো টাকা সাদা করা হয়েছে এবং অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে ইডির দাবি। ইতিমধ্যেই এর তদন্তে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অনেক নথি সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
