পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক অভয়ার (নাম পরিবতিত) ধর্ষণ ও হত্যা মামলায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিহত চিকিৎসকের শরীর থেকে সংগ্রহ করা ভিসেরা নমুনা বিকৃত করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী। এই অভিযোগ সামনে আসার পর মামলাটি আবারও আলোচনায় উঠে এসেছে।
২০২৪ সালের ৯ আগস্ট গভীর রাতে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ৩১ বছর বয়সী চিকিৎসক অভয়া হাসপাতালেই ধর্ষণ ও হত্যার শিকার হন। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। নাগরিক সমাজ গর্জে উঠেছিল।
আর জি কর মেডিকেল কলেজের ধর্ষণ-হত্যার শিকার তরুণীর বাবা শিয়ালদহ আদালতে একটি চিঠি দাখিল করে অভিযোগ করেছেন যে, বেলগাছিয়া ফরেনসিক ল্যাবরেটরির এক সাবেক কর্মচারী দাবি করেছেন যে, ওই নারীর ভিসেরা রিপোর্ট বিকৃত করা হয়েছিল। বাবা ফরেনসিক ল্যাবরেটরি থেকে এই জবানবন্দিটি পেয়েছিলেন।
নির্যাতিতার বাবা জানিয়েছেন, ফরেনসিক ল্যাবরেটরির তিনজন কর্মচারী এই ভিসেরা বিকৃতির সঙ্গে যুক্ত। তারা এখনও সেখানে কমর্রত। আমরা তাদের শাস্তি চাই।
নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে জানিয়েছেন, “বৃহস্পতিবার আদালতে চিঠিটি জমা দেওয়া হয়েছে। আমরা আদালতকে বিষয়টি খতিয়ে দেখার জন্য সিবিআইকে নির্দেশ দিয়ে একটি আদেশ জারি করতে অনুরোধ করেছি।”
উল্লেখ্য নির্যাতিতার মা এবারের নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়ে জয়ী হয়েছেন।
