রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে গাছের মালিকানা বিরোধে হামলার শিকার ব্যবসায়ী আবদুল মান্নান সওদাগর (৩৭) মারা গেছেন। রোববার রাত ২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগ, চাচাতো ভাইয়ের কাঠের টুকরোর আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল মান্নান সওদাগর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার কবির আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহার আগে প্রাকৃতিক দুর্যোগে একটি শিশু গাছ উপড়ে পড়ে। পরে গাছটি নিয়ে নিহতের বড় ভাই লোকমান সওদাগর এবং তার চাচাতো ভাই শাহজাহানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হলেও সালিশের সিদ্ধান্ত শাহজাহানের পক্ষে না যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার সকালে জানিপাথর বাজার এলাকায় এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত শাহজাহান কাঠের একটি টুকরো দিয়ে আবদুল মান্নানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় নিবিড় পরিচর্যার (আইসিইউ) ব্যবস্থা না থাকায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে তার মৃত্যু হয়।
নিহতের ভাই লোকমান সওদাগর বলেন, গাছের মালিকানা নিয়ে সালিশে আমাদের পক্ষে সিদ্ধান্ত হওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাউজানে গাছের মালিকানা বিরোধে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
