মানিকগঞ্জের শিবালয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি রামদা, দু’টি কাটার, একটি হাঁসুয়া ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় চক্রটির আরও দুই থেকে তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তাকৃতরা হলোÑ যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে গাজীপুর ও আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিল। ডিবি পুলিশ জানায়, সোমবার ভোরে শিবালয় উপজেলার ধুতরাবাড়ী এলাকার ৪ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি পিকআপ থামিয়ে তল্লাশির চেষ্টা করলে সেটি পালানোর উদ্দেশ্যে পুলিশি মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার চেষ্টা করলে পল্টুনের উপর গাড়িটি আটকে যায়। এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়। চক্রটির আরও দুই থেকে তিন সদস্য পালিয়ে যায়। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ড্রাইভারের আসনের নিচ থেকে চারটি রামদা, দু’টি কাটার, একটি হাঁসুয়া এবং পিকআপটি জব্দ করা হয়। শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল হোসেনের বিরুদ্ধে দু’টি এবং এরশাদ, হামিদুল বিশ্বাস ও আবুল কালামের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
মানিকগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
