সদরপুরে একইদিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুরে পৃথক স্থান থেকে একইদিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার উপজেলার কৃষ্ণপুর ও ভাষানচর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেনÑ কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামের ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) এবং ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মেয়ে নাছরীন আক্তার (১৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন এবং এ কারণে তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। গত রোববার সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। অন্যদিকে, ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের ১৩ বছর বয়সী কিশোরী নাছরিন আক্তারও মানসিক ভারসাম্যহীন ছিল। রোববার বিকালে সে খাবার না খেয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা নাজমা বেগম (৩৫) ডাকাডাকি শুরু করেন। পরে পরিবারের অন্যদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে নাছরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন