রাজশাহীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর। গত রোববার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী আখতারুজ্জামান (১৮) রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আসাদুজ্জামান। তাদের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা এলাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, রাজপাড়া থানা এলাকার মো. আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় আখতারুজ্জামানের পরিবার ভাড়া থাকতেন। গত দুই-তিন দিন ধরে তার মা বাসায় ছিলেন না। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দু’টি ভবনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন