সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ আত্মসাৎ করে কথিত প্রেমিকের সঙ্গে জীবনযাপনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারী রমিজা সুলতানা আন্না মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের ইয়াসিন মোল্লার মেয়ে ও দুই সন্তানের জননী। সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আটঘর ইউনিয়নের এক প্রবাসী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। তিনি স্ত্রীর ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত অর্থ পাঠাতেন। অভিযোগ রয়েছে, পাঠানো অর্থের একটি বড় অংশ স্ত্রী ব্যক্তিগত ভোগ-বিলাস এবং কথিত অনৈতিক সম্পর্কের পেছনে ব্যয় করেছেন। সম্প্রতি দেশে ফিরে পরিবারের সদস্যদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন ওই প্রবাসী। পরে তিনি সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়ার পর আন্নাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আসাদুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃত নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন