শায়েস্তাগঞ্জে দরিদ্র নারীর বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ টাকা

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নিজামপুর ইউনিয়নের এক দরিদ্র নারী গ্রাহকের নামে চলতি মাসের বিদ্যুৎ বিলে পরিশোধযোগ্য অর্থ হিসেবে ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা উল্লেখ করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মাসিক বিদ্যুৎ বিল ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পরিশোধ করে আসা পরিবারটি হঠাৎ কোটি টাকার বিল হাতে পেয়ে হতবাক হয়ে পড়ে। পরিবার সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। আগে প্রতি মাসে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে বিল আসলেও চলতি মাসের বিলে হঠাৎ করেই ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা পরিশোধযোগ্য দেখানো হয়। এত বড় অঙ্কের বিল দেখে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়ে যান। কী করবেন, কোথায় যাবেন তা বুঝে উঠতে পারছিলেন না। বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিলটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। একটি দরিদ্র পরিবারের নামে কীভাবে কোটি টাকার বিদ্যুৎ বিল তৈরি হলো এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, এটি কোনো প্রকৃত বিল নয়। কম্পিউটারে তথ্য ইনপুট দেয়ার সময় সংখ্যাগত ভুলের কারণে বিলের পরিমাণ অস্বাভাবিকভাবে দেখানো হয়েছে। বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই বিলটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়। এ বিষয়ে হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, কম্পিউটারে তথ্য ইনপুট দেয়ার সময় সংখ্যাগত ভুল হওয়ায় এমনটি হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা বিলটি সংশোধন করে দিয়েছি। গ্রাহককে প্রকৃত বিল অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অসাবধানতা সাধারণ গ্রাহকদের অপ্রয়োজনীয় হয়রানি ও মানসিক উদ্বেগের মধ্যে ফেলে। স্থানীয় সচেতন মহলের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবায় সামান্য তথ্যগত ভুলও বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই গ্রাহকদের কাছে বিল পাঠানোর আগে প্রতিটি তথ্য একাধিকবার যাচাই করা জরুরি। পাশাপাশি এ ধরনের ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানিয়েছেন তারা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন