কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ১ কোটি টাকার অনুদান

ফন্ট সাইজ:

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের চিকিৎসাধীন ২০০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র রোগীর মাঝে মোট ১ কোটি টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখার ‘ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি’-এর আওতায় এককালীন সহায়তা প্রদান করা হয়। কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২০০ জনের হাতে ১ কোটি টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উল্লিখিত ছয়টি রোগে আক্রান্ত যে কেউ জেলা সমাজসেবা কার্যালয় অথবা নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মেডিকেল সার্টিফিকেটের নামের মধ্যে অবশ্যই মিল থাকতে হবে। নামের অসঙ্গতির কারণে অনেক আবেদন বাতিল বা বিলম্বিত হয়। তাই তিনি আবেদনকারীদের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আবেদন করার আহ্বান জানান। কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম (অব.) বীর প্রতীক সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি অনুদানের অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে এবার ই-গভর্নেন্স পদ্ধতির মাধ্যমে সরাসরি উপকারভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরী বলেন, অনেক অসচ্ছল কিডনি রোগী ডায়ালাইসিসের ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রশাসন পরিচালক সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফরিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মা’আয রেজা চৌধুরী এবং মানবসম্পদ ও প্রশাসন ব্যবস্থাপক মো. মহিবুর রহমান রাসেল।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন