চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চলতি প্রজন্মের সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। এ গায়িকা ব্রাজিলের কট্টর সমর্থক। প্রতিটি বিশ্বকাপেই ব্রাজিলের হয়ে উন্মাদনায় ভাসেন তিনি। এবারো তার ব্যতিক্রম নয়। ব্রাজিলের প্রতিটি খেলা তিনি দেখছেন আয়োজন করে।
বিভিন্ন টকশোতেও হাজির হচ্ছেন ব্রাজিল সাপোর্টার হিসেবে। পূজা বলেন, যখন থেকে ফুটবল খেলা বুঝতে শিখেছি তখন থেকেই আমি ব্রাজিল সাপোর্ট করি। এবারের বিশ্বকাপেও ধীরে ধীরে ফুল ফর্মে ফিরেছে প্রিয় দলটি। প্রথম ম্যাচে ড্র করলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। পাশাপাশি শেষ ম্যাচে নেইমারও নেমেছেন মাঠে, যেটা দলের জন্য খুবই দরকার ছিল। এবারের বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি।
বিশেষ করে ব্রাজিলের খেলা তো মিস করছিই না। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করছি। মন থেকে চাই, এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। আর সেটা করে দেখাতে পারে তার প্রমাণ শেষ দুই খেলায় দিয়েছে তারা।
