বছর দুই আগে হীরা ব্যবসায়ী ভারত তখতানীর সঙ্গে বলিউড অভিনেত্রী এশা দেওলের ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়। তারপর থেকে কি একাকিত্বে ভুগছেন তিনি। ব্যক্তিগত জীবনের টানাপড়েনের পর এখন ভালোবাসার অভাব অনুভব করছেন এশা দেওল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা প্রকাশ করে তিনি জানিয়েছেন, বিচ্ছেদের পর জীবনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে।
এশা বলেন, ভালোবাসা এবং রোমান্স মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে তিনি সেই অনুভূতির অভাব বোধ করেন। আমি প্রেমের গল্প ও প্রেমের গান খুব পছন্দ করি এবং প্রেমে থাকতে ভালোবাসি। তবে বিচ্ছেদের কারণে ভালোবাসা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলায়নি বলেও জানান এশা। তার ভাষ্য, সম্পর্ক ভাঙা জীবনেরই অংশ। অতীতেও তার কিছু সম্পর্ক শেষ হয়েছে, কিন্তু তাতে ভালোবাসার প্রতি বিশ্বাস নষ্ট হয়নি।
ছোটবেলা থেকে মা-বাবার নিঃস্বার্থ ভালোবাসা দেখে বড় হয়েছেন বলেই ভালোবাসার প্রতি তার আস্থা অটুট রয়েছে। এশা আরও বলেন, ভারতের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছিলাম। বিষয়টিকে একান্তই ব্যক্তিগত। জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ার কারণে ব্যক্তিগত ঘটনাগুলোও আলোচনায় চলে আসে। তবে এ ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে এগোনো প্রয়োজন।
