মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দু'টি বিল উত্থাপন

ফন্ট সাইজ:

মাদক সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক ট্রাইব্যুনাল গঠন এবং সাইবার স্পেসে জুয়া প্রতিরোধে নতুন আইনের প্রেক্ষাপট বিবেচনায় এনে জাতীয় সংসদে দু'টি পৃথক বিল উত্থাপন করা হয়েছে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ সংসদে বিল দুটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে তিনি বলেন, দেশে মাদকাশক্তি ও মাদক সংক্রান্ত অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান মামলার চাপে সাধারণ আদালতে এসব অপরাধের বিচারকার্য সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগছে। তাই মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পৃথক ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার বিধান যুক্ত করা হয়েছে।

একইসঙ্গে, সাইবার স্পেসে সংঘটিত মাদক অপরাধ দমনে প্রযুক্তি নির্ভর নতুন বিধান সংযোজন করা হয়েছে এই বিলে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে অভিযান পরিচালনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আগ্নেয়াস্ত্রের প্রাধিকার ও ডগ স্কোয়াড গঠনের বিধানও বিলে রাখা হয়েছে।

অন্যদিকে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন। এই বিলে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ধারা-২০ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

বিলের বিবৃতিতে মন্ত্রী উল্লেখ করেন, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে প্রণীত সাইবার নিরাপত্তা আইনের ধারা-২০ এ সাইবার স্পেস জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান ছিল। তবে, ইতোমধ্যে জুয়া এবং বেটিং সংক্রান্ত অপরাধসমূহ প্রতিরোধের নিমিত্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে একটি সুনির্দিষ্ট এবং বিস্তারিত আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন এই আইনের উদ্যোগ নেওয়ায় সাইবার নিরাপত্তা আইন থেকে জুয়া সংক্রান্ত ২০ নম্বর ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন