‘ছবিতে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই’

‘ছবিতে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই’

ফন্ট সাইজ:

চারপাশের অতি চেনা সম্পর্ক, দায়িত্ব আর ভালোবাসার এক টানাপড়েনের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে ‘লাইফলাইন’। নির্মাতা কাজী আসাদের পরিচালনায় এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পুরো সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে মিমের চরিত্রের এক অভিনব সফরকে কেন্দ্র করে। আর এই যাত্রায় মিমের সহযোগী হিসেবে পর্দায় হাজির হয়েছেন রিজওয়ান পারভেজ। কঠিন আর দুর্গম রাস্তায় মিমকে বাইকে করে বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া থেকে শুরু করে দু’জনের খুনসুটি ও ঝগড়া সবমিলিয়ে পর্দায় এক দারুণ রসায়ন দেখতে
পাবেন দর্শক। সম্প্রতি ফিল্মটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে মিম বলেন, কোনো কারণে মনে হয় নাই যে আমরা শুটিংয়ে অ্যাক্টিং করছিলাম। মনে হচ্ছিল যে অনন্যা যাচ্ছে, অনন্যার জার্নি। মিম বলেন, আপনারা তো ছবি দেখে বুঝেছেন যে, আমরা অনেক ভেতরে একটা জায়গাতে গিয়েছিলাম। শুটিংয়ে যাওয়ার আগে আমি আসাদ ভাইকে বলছিলাম যে, আমরা কেন কুয়াকাটার এত ভেতরে যাবো? ঢাকার আশপাশেই করা যায়। পরে ভাইয়া আমাকে বলেছে, আচ্ছা তুমি চলো আগে, তারপর জায়গাটাকে দেখো।

মিমের ভাষ্য, তারপর এমন জায়গায় গিয়েছি যেখানে বাইক অথবা ভ্যান নিয়ে যেতে হয়। তারপর গিয়ে ভাইয়াকে আমি বললাম যে, আসলে আমাদের গল্পের জন্য এ রকম একটা লোকেশনই দরকার ছিল। মিম আরও বলেন, এই টিমের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। এটা আমার আর চরকির প্রথম কাজ। এত সুন্দর একটা কাজ দিয়ে যাত্রা শুরু হওয়ায় আমি হ্যাপি। সিনেমার গল্পের সঙ্গে নিজের বাস্তব জীবনের এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন মিম। বাবা-মেয়ের সম্পর্কের গল্প যেন ছুঁয়ে যায় মিমের নিজের জীবনকেও। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছবিতে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই। আমি আমার মা-বাবার সঙ্গে খুব বেশি কানেক্টেড।

স্বাভাবিকভাবে সবারই বয়স হয়। এখন এমন একটা অবস্থা যে, আমারও সেইম জার্নিতেই থাকতে হবে। হয় মা অসুস্থ হচ্ছেন, আমাদের বাবা অসুস্থ হচ্ছেন। এটা সন্তানের জন্য বেশ কঠিন সময়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন