ভারতের তেলেঙ্গানা সরকার আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি রাস্তার নাম ‘ডনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ করেছে। সম্প্রতি এর উন্মোচনও হয়েছে। এই পদক্ষেপটিকে শহরটির বৈশ্বিক পরিচিতি জোরদার করা এবং ভারত-মার্কিন সম্পর্কে এর ভূমিকা তুলে ধরার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি পোস্টে এটিকে একটি ‘অভূতপূর্ব সম্মান’ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে তিনি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন এবং উন্মোচন অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন।
কিছুদিন আগে কংগ্রেসের রেবন্ত সরকারের এই সিদ্ধান্তের কথা জানার পরই কংগ্রেসকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার বলেন, ‘হায়দরাবাদের নাম পরিবর্তন করে ফের ভাগ্যনগর করা হোক!’ পাশাপাশি পদ্ম শিবিরের দাবি, এভাবে নামকরণের কোনও অর্থ হয় না। এটা স্রেফ ট্রেন্ডিংয়ে গা ভাসানো। যদিও এই ধরনের সমালোচনাকে আমল দেয়নি তেলেঙ্গানা সরকার। বরং তারা এই সিদ্ধান্তেই অনড় থেকেছে।
তবে তেলেঙ্গানা প্রশাসন কেবল একটি রাস্তা নিয়েই এই পরিকল্পনা করেনি। শহরের নানা গুরুত্বপূর্ণ সড়ক, জংশন ইত্যাদির নাম বিশ্বখ্যাত ব্যক্তি ও সংস্থার নামে করার কথাও ভাবা হয়েছে। যার মধ্যে রয়েছে রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নাম বদলে রাখা হবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে। সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে গুগল স্ট্রিট ও মাইক্রোসফট রোডের মতো নামও। আরেক রাস্তার নামকরণ করা হতে পারে উইপ্রো রোডও।
