ভারতের লখনৌয়ে কোচিং সেন্টারে আগুন লেগে ১৫ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাণ বাঁচাতে সেন্টারের একতলা থেকে ঝাঁপ দেন বহু পড়ুয়া। তবে আশঙ্কা করা হচ্ছে, কোচিং সেন্টারের ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন। ঘটনাটিকে ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে। সোমবার দুপুরে লখনৌয়ের আলিগঞ্জ এলাকার ওই কোচিং সেন্টারে আচমকা আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কোচিং সেন্টারটির নিচে পোষ্য জীবজন্তুর সরঞ্জামসহ একাধিক দোকান রয়েছে। কিন্তু কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুন লাগার পরই প্রাণ বাঁচাতে বহু পড়ুয়া কোচিং সেন্টারের একতলা থেকে ঝাঁপ মারেন। তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক কোচিং সেন্টারের জানলা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু হাত ফসকে সোজা তিনি নিচে পড়ে যান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। দ্রুত ফাঁকা করে দেওয়া হয় এলাকা। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। কিন্তু আগুনের বেগ বেশি থাকায় এবং এলাকা ঘিঞ্জি হওয়ায় প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি, এই ঘটনায় শোক প্রকাশও করেছেন তিনি। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন