টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় আড়াই মাস পরও শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি রাহুলকে ঘিরে নানা স্মৃতি, নিজের অনুভূতি এবং তার অসমাপ্ত কাজ নিয়ে কথা বলেছেন। প্রিয়াঙ্কা জানান, রাহুল শুধু একজন সহকর্মী নন, তার জীবনের অন্যতম বড় অনুপ্রেরণাও ছিলেন। পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং অন্যদের কথা ভাবতে শেখার ক্ষেত্রে রাহুলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এখনো রাহুলের দেয়া কিছু সিনেমা ও সিরিজের নাম তার ফোনে লেখা রয়েছে, যেগুলো একসঙ্গে দেখার কথা ছিল। কিন্তু আকস্মিক এই মৃত্যুর ধাক্কা এখনো পুরোপুরি সামলে উঠতে পারেননি তিনি। রাহুলের শেষ ছবি ‘ছবিওয়ালা’ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ছবিটি তিনি অবশ্যই দেখবেন, তবে এখনো সেই মানসিক প্রস্তুতি তৈরি হয়নি। শুধু ‘ছবিওয়ালা’ নয়, রাহুলের আরও কিছু কাজ রয়েছে, যেগুলো এখনো দর্শকের সামনে আসেনি।
আমি চাই ওর অসমাপ্ত কাজগুলো দর্শকের সামনে আসুক। রাহুল দারুণ
একজন অভিনেতা ছিল। তার কাজের প্রতি মানুষের যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, তা যেন অটুট থাকে। রাহুলের মৃত্যু নিয়ে চলমান তদন্তের বিষয়েও কথা বলেন তিনি। তবে আইনি কারণে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। প্রিয়াঙ্কা জানান, পরিবার ও সহকর্মীদের মতো তিনি আশাবাদী যে ঘটনার প্রকৃত সত্য একদিন সামনে আসবে। তার ভাষ্য, রাহুলের স্মৃতি বেঁচে থাকবে তার কাজের মধ্যেই।
