চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন অভিনেতা সজল নূর। এ অভিনেতা বরাবরই ব্রাজিলের ভক্ত। এই দলের কোনো খেলা মিস করেন না তিনি। ব্রাজিলের ছন্দময় ফুটবল তাকে প্রশান্তি দেয়। সজল বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার আমি। বলা চলে অন্ধভক্ত। তবে প্রথম প্রথম শুনে ভক্ত হয়েছিলাম। কিন্তু পরে মাঠে খেলা দেখে আমি এখন ব্রাজিল সাপোর্ট করি। পছন্দের খেলোয়াড় হচ্ছে- পেলে, রোনালদো, রোনালদিনহো।
এরপর নেইমার এসে তো প্রাণবন্ত করে তোলে মাঠের ব্রাজিলের ফুটবল খেলাকে। এবারের বিশ্বকাপ ব্রাজিলই জিতবে- এটাই আমার আশা। প্রতিটি খেলাই দেখবো। শুটিং থাকলেও কিছু ব্রেক নিয়েই খেলা দেখবো। গতকাল ব্রাজিল হাইতির সঙ্গে ৩ গোলে জিতেছে। পুরো খেলা উপভোগ করেছি। দারুণ খেলেছে ব্রাজিল। এই খেলাটা অব্যাহত রাখতে হবে তাদের। আমি বাসাতেই খেলা দেখি, শুটিং থাকলেও ব্রাজিলের খেলা মিস না করার চেষ্টা থাকে।
এবারো তাই হয়েছে। আয়োজন করে খেলা দেখছি। খেলার সময় খাবারের আয়োজনও থাকছে। আমি মনে প্রাণে চাই, এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। আর সেটা হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না।
