সঙ্গীহীন মমতা হঠাৎ রাস্তায় নেমে মিছিল করলেন

সঙ্গীহীন মমতা হঠাৎ রাস্তায় নেমে মিছিল করলেন

ফন্ট সাইজ:

দলীয় নেতাদের একের পর এক পদত্যাগ। সাংগঠনিক দায়িত্ব নিতে অস্বীকার এবং বিধায়ক ও সাংসদদের তাকে পরিত্যাগ করার মাঝে তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যজুড়ে হকারদের উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নেমে সবাইকে অবাক করে দিয়েছেন।
শহরের ধর্মতলা থেকে সুরোধ মল্লিক স্কোয়ার পযর্ন্ত প্রতিবাদ মিছিলে শতাধিক দলীয় কর্মী ও সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিলেও অধিকাংশ নেতাই অনুপস্থিত ছিলেন। সাবেক মুখ্যমন্ত্রীর পাশে কেবল বিধায়ক কুনাল ঘোষ এবং সাংসদ দোলা সেনকে পরিচিত মুখ হিসেবে দেখা গেছে। প্রতিবাদ কর্মসূচির সময় বন্দ্যোপাধ্যায়কে হকারদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স-এ পোস্ট করে বলা হয়েছে,“আমাদের মাননীয় চেয়ারপার্সন দলীয় নেতা এবং নিবেদিতপ্রাণ কর্মীদের সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে হকারদের অবৈধ, অন্যায় এবং অত্যন্ত অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছেন।”
আরও বলা হয়, “বাংলার(পশ্চিমবঙ্গের) মানুষ সর্বদাই সর্বাগ্রে। তাদের মর্যাদা, জীবিকা ও অধিকার অটল সংকল্পের সঙ্গে রক্ষা করা হবে এবং সেই লড়াইয়ে কোনো প্রচেষ্টাই বাকি রাখা হবে না। শুধুমাত্র ক্ষমতার লোভ এবং সাধারণ নাগরিকদের প্রতি নির্লজ্জ অবজ্ঞায় চালিত এই নির্মম বিজেপি সরকার শীঘ্রই তার নিজের জনবিরোধী নীতির ভারে ভেঙে পড়বে!”
পযবেক্ষকদের মতে, অতীতেও মমতা ব্যানার্জী অন্যদের কাছ থেকে আন্দোলনের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছেন। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের সময়ও তিনি একই কাজ করেছিলেন। এখন যখন তিনি বুঝতে পারছেন যে বিরোধী শিবিরের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে, তখন তা পুনরুদ্ধারের জন্য তিনি মরিয়া হয়ে আবার প্রতিবাদের পথে নেমেছেন।
বামপন্থী ও অন্যান্য দলগুলি যখন হকার উচ্ছেদের প্রতিবাদে সক্রিয়ভাবে আন্দোলন করছে তখন শেষ পর্যন্ত মমতা বন্দোপাধ্যায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তবে সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “ হকার উচ্ছেদের বিরুদ্ধে তিনি একটি কথাও বলেননি। বামেরা প্রথম দিন থেকেই রাস্তায় এবং আদালতে হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করে আসছে। আমরা এই লড়াই চালিয়ে যাব। মমতা বন্দোপাধ্যায় এখন সেই আন্দোলনকে ছিনতাই করার চেষ্টা করছেন, কিন্তু তা হবে না” বলে মন্তব্য করেছেন সাবেক সাংসদ চক্রবর্তী।