রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। স্বল্প বাজেটের কারণে হল জটিলতায় কোরবানির ঈদে মুক্তির মিছিল থেকে ছিটকে গিয়েছিল ছবিটি। তবে গত ১২ই জুন রাজধানীর পান্থপথের স্টার সিনেপ্লেক্স ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন আকাশ হক। চলচ্চিত্রটিতে ‘সহমত ভাই’ এবং ‘রাজনীতির ময়দান’ শিরোনামের দু’টি গান রয়েছে। সিনেমাটির গল্পে ফুটে উঠেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বাস্তবতা, হল কালচার, গেস্টরুম, ক্ষমতার রাজনীতি, বড় ভাই সংস্কৃতি, তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন, হাস্যরস আর ব্যঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রাজনীতিবিদদের নানা অন্ধকার দিক তুলে ধরেছে সিনেমাটিতে। ইতিমধ্যে দর্শকরা ছবিটিকে রাজনৈতিক স্যাটায়ার হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও অর্থ সংকটের কারণে দর্শকদের কাছে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন ছবির পরিচালক আকাশ হক। তিনি মানবজমিনকে বলেন,
চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষজন ছবিটি দেখতে আসছেন, কিন্তু সাধারণ দর্শকদের কাছে আমরা ঠিকভাবে পৌঁছাতে পারছি না। আমাদের কোনো মার্কেটিং বাজেট নেই। এটি একটি স্বল্প বাজেটের সিনেমা। হিসাব করে দেখেছি, যে বাজেটে সিনেমাটি নির্মাণ করেছি, এর প্রচারণার খরচ প্রায় তার দ্বিগুণ। স্বাধীন নির্মাতাদের পক্ষে এমন ব্যয় বহন করা সম্ভব নয়। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪-১৫ সালের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। সে সময় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক পর্ব চলছিল। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংস্কৃতি আমার কাছে অদ্ভুত মনে হতো। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়তে আসে, অথচ অনেক ক্ষেত্রে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়।
পরে অনার্স শেষ করে আমি ভারতের সিকিম ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য স্কলারশিপ পাই। সেখানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সংস্কৃতি ও শিক্ষকদের ভূমিকা দেখে মনে হয়েছিল, আমি যে বিষয়গুলো নিয়ে ভাবছি সেগুলো নিয়ে কিছু নির্মাণ প্রয়োজন। আমার এক ছোট ভাই রনো আনোয়ারের লেখা ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ ছোটগল্পটি হলজীবনকে কেন্দ্র করে লেখা।
গল্পটি পড়ার পর অনুপ্রাণিত হই এবং পূর্ণাঙ্গ চিত্রনাট্য লিখি। সিনেমাটিতে দেখানোর চেষ্টা করেছি, কীভাবে ছাত্র রাজনীতির সংস্কৃতি দলীয়করণের মাধ্যমে পরিচালিত হয়। একজন শিক্ষার্থী তার জীবনের গুরুত্বপূর্ণ সময় একটি রাজনৈতিক দলের জন্য ব্যয় করে। কেন এমন ঘটে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা রয়েছে সিনেমায়। পরিচালক বলেন, সিনেপ্লেক্সে প্রদর্শনী শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা করেছি। ছবিটি ওটিটি প্ল্যাটফরমে দেয়ার চিন্তা রয়েছে। এতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, চয়ন, আবু সাঈদ প্রমুখ।
