সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৯শে জুন থেকে ২৫শে জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সামার বাংলা হিট ফেস্ট’, যেখানে প্রদর্শিত হবে আলোচিত চারটি বাংলা সিনেমা- ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলো। ভিন্ন ভিন্ন গল্প, নির্মাণশৈলী ও অভিনয় গুণে প্রশংসিত এই চার সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দিতে এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন।
এমন আরও অনেক দর্শকপ্রিয় বাংলা সিনেমা নিয়ে এমন ফেস্টিভ্যাল করতে চাই। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই চারটি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে। সিনেমাগুলোর প্রদর্শনসূচি ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে জানানো হবে।
