বিশ্বকাপে নিজেদের উদ্বোধণী ম্যাচে জোয়াও নেভেসের শুরুর লিড ধরে রাখতে পারলো না পর্তুগাল। আফ্রিকান ‘চিতাবাঘ’ খ্যাত ডিআর কঙ্গোর লড়াকু মানসিকতা ও সুসংগঠিত রক্ষণের সামনে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। এই ড্রয়ের মাধ্যমে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক প্রথম পয়েন্ট তুলে নেয়ার আনন্দে ভাসছে ডিআর কঙ্গো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় পর্তুগিজরা। মাত্র ষষ্ঠ মিনিটে বাঁ-দিক থেকে পেদ্রো নেতোর চমৎকার ক্রসে কঙ্গোর পাঁচ ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত হেডে পর্তুগালকে এগিয়ে নেন জোয়াও নেভেস। পিছিয়ে পড়েও দমে না গিয়ে দারুণ সব কাউন্টার অ্যাটাক করতে থাকে ডিআর কঙ্গো। অষ্টাদশ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নুনো মেন্দেসের নিশ্চিত গোলের শট স্লাইডে রুখে দেন অ্যারন ওয়ান-বিসাকা।
খেলার প্রথমার্ধের ইইনজুরি টাইমের শেষ মিনিটে (৪৫+৫ মিনিট) ইতিহাস গড়ে ডিআর কঙ্গো। আর্থার মাসুয়াকুর শর্ট কর্নার থেকে উড়ে আসা বলে অসাধারণ হেডে পর্তুগিজ গোলকিপার দিয়োগো কস্তাকে পরাস্ত করেন ইয়োয়ান উইসা। বিশ্বকাপে এটিই ডিআর কঙ্গোর প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে বার্নার্দো সিলভাকে তুলে ফ্রান্সিসকো কনসেইসাও এবং রাফায়েল লিয়াওকে নামিয়েও ডিআর কঙ্গোর রক্ষণ ভাঙতে পারেনি পর্তুগাল। ৫৫তম মিনিটে জোয়াও ক্যানসেলোর একটি গোল অফসাইডে বাতিল হয়। শেষ পর্যন্ত ৭৫% বল পজিশন ধরে রেখেও কঙ্গোর ডিফেন্সের কাছে আটকে গিয়ে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোরা।
