হবিগঞ্জের বাহুবলের পল্লীতে কবরস্থানের রাস্তায় বেড়া দেয়া নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। গত সোমবার রাত ও দুপুরে এসব হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। নিহতরা হলেন- উপজেলার আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৫) ও মিজাজ মিয়ার ছেলে হেলাল মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার আরিছপুর থেকে আদিত্যপুর নতুন বসতি গড়া কয়েকটি পরিবার স্থানীয় কবরস্থানের রাস্তায় বেড়া দিলে বাধা দেয় আদিত্যপুরের লোকজন। এর জেরে গত সোমবার বেলা ২টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয় অর্ধশত। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এবং বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সেদিন রাতেই বাহুবল থানায় সালিশ বৈঠকের সময় নির্ধারণ করা হয়।
কিন্তু রাত ৮টার আগেই উপজেলার ডুবাঐ বাজারে এ ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটে। এতে আদিত্যপুর গ্রামের সেলু ও হেলাল গুরুতর আহত হন। পরে আহতদের বাহুবল হাসপাতালে নিলে চিকিৎস সেলুকে মৃত ঘোষণা করেন এবং হেলালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে গুরুতর আহত হেলাল সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত।
